রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশজুড়ে বৃষ্টির আভাস: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৯, ২০২৬, ১১:০৯ এএম

দেশজুড়ে বৃষ্টির আভাস: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

প্রকৃতি ছবি

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টির ফলে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এই সতর্কতা বজায় রাখতে হবে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে বিস্তার লাভ করায় সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ইতোমধ্যে মৌসুমি বায়ু পৌঁছে গেছে এবং আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে তা সারা দেশে ছড়িয়ে পড়বে।

পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, ৯ জুন ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিনগুলোতে বৃষ্টির মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং ১২ জুন থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা আরও জোরদার হতে পারে। 

তবে রাজশাহী, পাবনা, নীলফামারী, চুয়াডাঙ্গা ও খুলনা অঞ্চলের কিছু এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। পর্যায়ক্রমে বৃষ্টি বাড়লে দেশের বিভিন্ন স্থানে চলমান এই তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয়তায় বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসতে পারে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।