বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
বঙ্গোপসাগরে নিম্নচাপ

বঙ্গোপসাগরে নিম্নচাপ সারাদেশে ৫ দিন বৃষ্টির আভাস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:০৭ পিএম

বঙ্গোপসাগরে নিম্নচাপ সারাদেশে ৫ দিন বৃষ্টির আভাস

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তির বরাতে জানা গেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় থাকা লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তি সঞ্চয় করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলজুড়ে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সোমবার রাত নয়টায় আবহাওয়া পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানান, খুলনা ও বরিশাল উপকূলীয় অঞ্চলে এর প্রভাব সবচেয়ে স্পষ্ট। রাজধানীতে সকালে যে বৃষ্টিপাত হয়েছে তাও এই নিম্নচাপের কারণেই ঘটেছে। মঙ্গলবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত রাজধানীতে এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং দিনজুড়ে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এতে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। তবে এই নিম্নচাপটি শেষ পর্যন্ত কোনো ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আপাতত নেই।

বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর অত্যন্ত উত্তাল রয়েছে। সার্বিক পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।