রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৯, ২০২৬, ০৫:১০ পিএম

সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের বিশেষ পূর্বাভাসে জানানো হয়েছে যে গভীর নিম্নচাপ ও বায়ুচাপের তারতম্যের প্রভাবে উপকূলীয় অঞ্চলে আবহাওয়া অস্থিতিশীল হয়ে উঠেছে।বুধবার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জারিকৃত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর উড়িষ্যা ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে বর্তমানে উত্তর উড়িষ্যা ও দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে আরও পশ্চিম দিকে এগিয়ে দুর্বল হতে পারে। তবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় সমুদ্রবন্দরসমূহ এবং উপকূলীয় অঞ্চলে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে অপর এক বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।