মার্চ ৭, ২০২৬, ০৪:৩৭ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পেঁয়াজের বীজ আবাদে ফলনের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা পেঁয়াজের বীজ চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন। এরই ধারাবাহিকতায় উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কৃষক মো. আব্দুল জব্বার এবার পেঁয়াজ বীজ চাষ করে বড় ধরনের লাভের আশা করছেন।
চলতি মৌসুমে আব্দুল জব্বার তার প্রায় ৫০ শতাংশ জমিতে ‘লাল তীর সুখসাগর’ জাতের পেঁয়াজের বীজ আবাদ করেছেন। বর্তমানে তার বীজক্ষেতের পেঁয়াজ গাছের বয়স প্রায় চার মাস। আবহাওয়া অনুকূলে থাকায় এবং যথাযথ তদারকির ফলে গাছগুলো সুস্থ ও সবলভাবে বেড়ে উঠেছে।
খেতজুড়ে সবুজের সমারোহ দেখে তিনি এবার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন।কৃষক জব্বার জানান, এই জমিতে পেঁয়াজের বীজ উৎপাদনে এখন পর্যন্ত তার প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা ব্যয় হয়েছে।
নিয়মিত পরিচর্যা ও তদারকিতে তার পরিবারের সদস্যরা তাকে নিরলসভাবে সহযোগিতা করছেন। বিশেষ করে তার ছেলে মো. আলামিন সার্বক্ষণিকভাবে ক্ষেতের যত্ন নিচ্ছেন। আব্দুল জব্বারের প্রত্যাশা, আবহাওয়া শেষ পর্যন্ত অনুকূলে থাকলে তার উৎপাদিত বীজ প্রতি কেজি প্রায় ১২০০ টাকা দরে বিক্রি করা সম্ভব হবে। এতে সব খরচ বাদ দিয়েও তিনি লাভের মুখ দেখবেন বলে আশাবাদী।
স্থানীয় কৃষকদের মতে, পেঁয়াজের বীজ আবাদ অন্যান্য ফসলের তুলনায় বেশ লাভজনক। ভালো দাম ও চাহিদা থাকায় এলাকার কৃষকরা এখন এই চাষে আরও বেশি উৎসাহিত হচ্ছেন। স্থানীয়রা মনে করছেন, এই অঞ্চলে পেঁয়াজ বীজ উৎপাদন বৃদ্ধি পেলে কৃষকদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি জাতীয়ভাবে বীজের চাহিদা পূরণেও ইতিবাচক প্রভাব পড়বে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন