জুন ১৪, ২০২৬, ০৭:১৮ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে সুগন্ধি চালের উৎপাদন বৃদ্ধি, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা উন্নয়ন ও বাজার সংযোগ জোরদার করার লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ ব্যবসায়িক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার ১৪ জুন ২০২৬ তারিখে উপজেলার শালবন কমিউনিটি সেন্টারে ‘সুগন্ধি চালের ভ্যালু চেইন বিজনেস প্ল্যানিং কনসালটেশন’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৌশলগত অংশীদার হর্টেক্স ফাউন্ডেশন এবং পার্টনার প্রকল্পের যৌথ উদ্যোগে এই মাঠপর্যায়ের কর্মসূচির আয়োজন করা হয়।কৃষকদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মো. আফজাল হোসেন।
তিনি তাঁর বক্তব্যে স্পষ্ট করেন যে কৃষকদের এখন আর শুধু প্রচলিত উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং নিজেদের লাভজনক ব্যবসায়ী বা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। আধুনিক প্রযুক্তির সুশৃঙ্খল ব্যবহার, বাজারভিত্তিক সঠিক উৎপাদন পরিকল্পনা এবং সরকারি কৃষি সেবার কার্যকর প্রয়োগের মাধ্যমেই সুগন্ধি চালের বাজার বৈশ্বিক স্তরে সম্প্রসারণ করা সম্ভব বলে তিনি মনে করেন। কর্মশালায় প্রধান পুষ্টিমান বজায় রেখে সুগন্ধি চালের ভ্যালু চেইন টেকসই উন্নয়নে জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রোগ্রামের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের পরিচালক আবু রেজা আসাদুজ্জামান এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন। এছাড়া সিনিয়ার কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল হাসান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ জাহিদ হাসান এবং বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বক্তব্য রাখেন। দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় স্থানীয় কৃষক, কৃষাণী, গবেষক, উদ্যোক্তা এবং কৃষি বিপণন বিশেষজ্ঞসহ প্রায় শতাধিক অংশীজন অংশ নিয়ে তাঁদের নিজস্ব মতামত তুলে ধরেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন