অক্টোবর ৩১, ২০২৫, ০৭:৩৪ পিএম
রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের ভরা মৌসুম শুরু হয়েছে, বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষকরা হাড়ভাঙ্গা খাটুনি দিয়ে চাষাবাদ চালিয়ে যাচ্ছেন। দেশের মোট পেঁয়াজের ১৪ ভাগ উৎপাদনকারী এই জেলায় কৃষকরা আগাম মুড়িকাটা পেঁয়াজ রোপণে এই মুহূর্তে চরম ব্যস্ত সময় পার করছেন।
চলতি বছর বীজ পেঁয়াজের দাম গত বছরের তুলনায় কিছুটা কম থাকায় খানিকটা সুবিধা হলেও কৃষকরা সম্পূর্ণ স্বস্তিতে নেই। তাদের প্রধান অভিযোগ সারের বাজার নিয়ে।
কৃষকরা অভিযোগ করেছেন, বাজারে সারের কৃত্রিম সংকট দেখিয়ে বিক্রেতারা তাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করছেন। গত বছরের তুলনায় এবার প্রতি বস্তা সারের মূল্য ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা।
এর পাশাপাশি, ফসল ওঠার সময় বিদেশ থেকে পেঁয়াজ আমদানির আশঙ্কাও কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তারা জানান, এত খরচ করে ফসল উৎপাদনের পর ন্যায্যমূল্য না পেলে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, তাই এই মুহূর্তে পেঁয়াজ আমদানির এলসি বন্ধ রাখার দাবি জানিয়েছেন। কৃষি বিভাগ অবশ্য আশাবাদী যে, এবার মুড়িকাটা পেঁয়াজের গুটির দাম কম থাকায় জেলায় আবাদের লক্ষ্যমাত্রা এবং মোট উৎপাদন উভয়ই ছাড়িয়ে যাবে এবং কৃষকরা লাভবান হবেন। কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর রাজবাড়িতে ৫ হাজার ৮৭৫ হেক্টর জমিতে প্রায় ৯৩ হাজার মেট্রিক টন মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকলে তিন মাস পরই এই নতুন পেঁয়াজ বাজারে উঠবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন