জানুয়ারি ১০, ২০২৬, ১০:১৩ এএম
জরুরি লাইন সংস্কার ও মেরামতের কাজের জন্য আজ শনিবার (১০ জানুয়ারি) জামালপুর শহরের গুরুত্বপূর্ণ একটি অংশে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), জামালপুর এই তথ্য জানিয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরজুড়ে মাইকিং করে গ্রাহকদের বিষয়টি অবহিত করা হয় এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়।
বিদ্যুৎ বন্ধের সময়সীমা: শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।জামালপুর বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী খন্দকার হানিফুল ইসলাম জানান, শহরের ১১ কেভি ভিআইপি ফিডারে এই মেরামত কাজ চলবে। ফলে যেসব গুরুত্বপূর্ণ দ্প্তর ও এলাকায় বিদ্যুৎ থাকবে না, সেগুলো হলো:
জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস)
পুলিশ সুপারের কার্যালয় (এসপি অফিস) ও থানা
জেলা জজ আদালত চত্বর
জামালপুর জেনারেল হাসপাতাল এলাকা
জেলা সেটেলমেন্ট অফিস
বিজিবি ক্যাম্প এলাকা এবং সংলগ্ন ভিআইপি জোন।
সহকারী প্রকৌশলী খন্দকার হানিফুল ইসলাম বলেন, “বিদ্যুৎ সরবরাহ লাইনের জরুরি সমস্যা সমাধান ও সংস্কারের জন্য ফিডারটি বন্ধ রাখা প্রয়োজন। জনদুর্ভোগ কমাতে শনিবার ছুটির দিন হিসেবে এই কাজটি হাতে নেওয়া হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত সময় নির্ধারণ করা হলেও কাজ শেষ হওয়া মাত্রই দ্রুততম সময়ে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করে দেওয়া হবে।”
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে এবং প্রস্তুতি রাখার অনুরোধ জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন