রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বদেশ্বরী মন্দিরে সম্প্রীতির বার্তা দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

আবু সালেহ মোঃ রায়হান

ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৩:১৪ পিএম

বদেশ্বরী মন্দিরে সম্প্রীতির বার্তা দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

বদেশ্বরী মন্দিরে প্রতিমন্ত্রী আজাদ।ছবি-দিনাজপুর টিভি

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কোনো অপশক্তি বা ধর্মান্ধ শক্তি যেন আবারও আমাদের পরাধীনতার জিঞ্জিরে আবদ্ধ করতে না পারে, বিএনপি সরকারের পক্ষ থেকে সেই নিশ্চয়তা আপনাদের প্রদান করছি। শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন স্বাধীনভাবে স্ব-স্ব ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন, সেই লক্ষ্যে বর্তমান সরকার অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। এবারের সাধারণ নির্বাচনকে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই হিসেবে বর্ণনা করে।

তিনি বলেন, এই নির্বাচন এমন একটি সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়েছিল যেখানে একদিকে ছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পতাকা ও মানচিত্র রক্ষার দায়, আর অন্যদিকে ছিল দেশবিরোধী শক্তি। জনগণ সচেতনভাবে দেশের সার্বভৌমত্বের পক্ষে রায় দিয়েছে বলেই দেশ আজ সঠিক পথে রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন যে, এবারের নির্বাচনে ২১৪টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। এই বিজয়ে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও সমর্থনের কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে এলাকার জনগণের সাথে নিবিড় যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আপনারা যাতে সম্পূর্ণ নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে পূজা-অর্চনা করতে পারেন, সেজন্য সরকার আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে। বদেশ্বরী মন্দিরের ঐতিহ্য রক্ষায় সরকার সবসময় পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

অনুষ্ঠানে বদেশ্বরী মন্দিরের সভাপতি নিতিশ কুমার মুকুল বকশীসহ সনাতন সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে প্রতিমন্ত্রী মন্দিরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।