রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কুষ্টিয়ায় ছাদ থেকে বল্লম নিক্ষেপ বৃদ্ধ নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৩:০৯ পিএম

কুষ্টিয়ায় ছাদ থেকে বল্লম নিক্ষেপ  বৃদ্ধ নিহত

কুষ্টিয়া সদর উপজেলায় স্থানীয় দুই পক্ষের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বল্লমের আঘাতে হালিম সর্দার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হালিম সর্দার ওই গ্রামের মৃত কলম সর্দারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার একটি মসজিদের ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে খয়েরপুর গ্রামে ইউপি সদস্য মান্নান ও বকুল গ্রুপ এবং ইউসুফ মেম্বার ও মেহেদী গ্রুপের সমর্থকদের মধ্যে বেশ কয়েক দিন ধরে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা চলছিল। শনিবার ভোরে চাপাইগাছি বিলের পাশে দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর জন্য অবস্থান নেয়।

সকাল আটটার দিকে হালিম সর্দার বাড়ি থেকে বের হয়ে চাপাইগাছি বিলের দিকে যাচ্ছিলেন। নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী, পথিমধ্যে মান্নান গ্রুপের সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে হঠাৎ একটি বল্লম ছুড়ে মারা হয়। বল্লমটি সরাসরি হালিমের গলায় বিঁধলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর কুষ্টিয়া মডেল থানা পুলিশ এলাকায় অভিযান চালিয়ে বকুল সর্দার (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।