সেপ্টেম্বর ২৬, ২০২৬, ০৩:০১ পিএম
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, সামাজিক সংগঠন ও বেসরকারি সংস্থাসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (২৬ সেপ্টেম্বর) খুলনার সোনাডাঙ্গা এলাকার সোলার পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশন ও বিকাশের যৌথ বনায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী জানান, দেশজুড়ে জলবায়ুর ভারসাম্য ফেরাতে সরকার সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। তবে শুধু রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে এ সংকট মোকাবিলা সম্ভব নয় উল্লেখ করে তিনি নাগরিক পর্যায় থেকে সবাইকে গাছ লাগানোর পরামর্শ দেন।
যৌথ এই সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে খুলনা নগরজুড়ে ২৫ হাজার গাছ রোপণ করা হবে।
নগরীর সার্বিক পরিবেশ ও সৌন্দর্যায়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, খুলনাকে সবুজ, পরিচ্ছন্ন ও আন্তর্জাতিক মানের শহরে রূপান্তর করার লক্ষ্যে কাজ চলছে। তিনি সুস্থ পরিবেশ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে নাগরিক পর্যায়ে বৃক্ষরোপণকে সামাজিক অঙ্গীকারে পরিণত করার ওপর গুরুত্ব দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন