বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন এক আর্জেন্টিনা সমর্থক

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২০, ২০২৬, ১২:৪৯ পিএম

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন এক আর্জেন্টিনা সমর্থক

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় পটুয়াখালীতে নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে মাথা ন্যাড়া করেছেন এক আর্জেন্টিনা সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ঘোষণা অনুযায়ী ব্রাজিলের জয়ের পর কাজী রাফি নামের ওই যুবক এই কাজ করেন।পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা কাজী রাফি একজন কট্টর আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত।

তিনি গত শুক্রবার (১৯ জুন) ফেসবুক লাইভে এসে একটি ব্যতিক্রমী ঘোষণা দিয়েছিলেন। সেখানে তিনি বলেন যে পরদিন শনিবার সকালে অনুষ্ঠিতব্য ম্যাচে ব্রাজিল যদি হাইতির বিপক্ষে জয়লাভ করে, তবে তিনি নিজের মাথা ন্যাড়া করবেন। শনিবার সকালে অনুষ্ঠিত সেই ম্যাচে হাইতিকে হারিয়ে শেষ পর্যন্ত জয় তুলে নেয় ব্রাজিল।খেলা শেষ হওয়ার পরপরই পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকার ব্রাজিল সমর্থকরা রাফির বাসায় গিয়ে জড়ো হন। পরে তিনি নিজে থেকেই বাসা থেকে বের হয়ে শহরের ঝাউবন এলাকায় আসেন।

সেখানে উপস্থিত উল্লাসিত ব্রাজিল সমর্থকদের সামনেই তার মাথা ন্যাড়া করা হয়। পুরো ঘটনাটিকে ঘিরে স্থানীয়দের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং অনেকেই বিষয়টি বেশ উপভোগ করেন।মুহূর্তের মধ্যেই মাথা ন্যাড়া করার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। রাফি জানান, তিনি কথা দিয়েছিলেন এবং নিজের প্রতিশ্রুতি রেখেছেন। স্থানীয়রা জানান, ফুটবলকে ঘিরে এমন ব্যতিক্রমী ঘটনা এলাকায় ব্যাপক আনন্দ ও কৌতূহলের জন্ম দিয়েছে। প্রিয় দলের প্রতি সমর্থন এবং সমর্থকদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার অংশ হিসেবেই সবাই ঘটনাটিকে দেখছেন।