শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

মারধর করে চেক ও স্ট্যাম্পে সই নেওয়ার ঘটনায় গ্রেপ্তার এক

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৫, ২০২৬, ০৪:০৭ পিএম

মারধর করে চেক ও স্ট্যাম্পে সই নেওয়ার ঘটনায় গ্রেপ্তার এক

বরিশালে আবাসন প্রতিষ্ঠানের এমডিকে মারধর করে জোরপূর্বক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনায় মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে নগরীর সদর রোডের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাকে আটক করা হয়। এর আগে সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।ঘটনার সূত্রপাত গত ২৭ জুন। নগরের সদর রোডে অবস্থিত অগ্রণী হাউজিং লিমিটেডের কার্যালয়ে প্রবেশ করে অভিযুক্ত লিটু ও তার সহযোগীরা এমডি আব্দুল আজিজ হাওলাদারকে মারধর করেন। ভুক্তভোগীর অভিযোগ, তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ৭০ লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক এবং দুটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। চেক থেকে টাকা উত্তোলন ঠেকাতে তিনি ব্যাংকে অভিযোগও জানিয়েছেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি এমডিকে শারীরিকভাবে নির্যাতন করছেন এবং তার উপস্থিতিতেই চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হচ্ছে। এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী এমডি আদালতে নালিশি মামলা দায়ের করেন, যা এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত লিটু দাবি করেছেন, তিনি আগে ওই কোম্পানির পরিচালক ছিলেন এবং পাওনা টাকা আদায়ের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে, তার পারিবারিক ও রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান পিন্টু জানিয়েছেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং বিষয়টি তিনি ফেসবুকের মাধ্যমে জেনেছেন।