আগস্ট ৬, ২০২৬, ০৯:৩১ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সুরুজ্জামাল নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা এলাকায় ছাতনাই নদী থেকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির আকস্মিক এই প্রয়াণে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সুরুজ্জামাল একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে এবং পেশায় একজন সাধারণ কৃষক ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায় যে ঘটনার দিন সকালে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ছাতনাই নদীতে মাছ ধরার জন্য জাল বসাতে গিয়েছিলেন সুরুজ্জামাল। এ সময় নদীর প্রবল স্রোতের কারণে পানির তোড়ে তিনি হঠাৎ তলিয়ে যান এবং নিখোঁজ হন। দীর্ঘ সময় ধরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করতে থাকেন।
পরবর্তীতে বিকেলে প্রায় পাঁচটার দিকে কুরবান আলী নামের এক স্থানীয় ব্যক্তি নদীর মাঝে একটি বাঁশের খুঁটির সঙ্গে আটকে থাকা অবস্থায় তার মরদেহ দেখতে পান।স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে নদী থেকে মরদেহটি উপরে তুলে আনেন। খবর পেয়ে দেবীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি অপমৃত্যু বা ইউডি মামলা দায়ের করা হয়েছে। আকস্মিক এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন