বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সাভারে মধ্যরাতে সিটি-ড্যাফোডিল শিক্ষার্থীদের সংঘর্ষ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৭, ২০২৫, ০৯:৪০ এএম

সাভারে মধ্যরাতে সিটি-ড্যাফোডিল শিক্ষার্থীদের সংঘর্ষ

সাভারের আশুলিয়ায় সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। রোববার রাত ৯টার দিকে আশুলিয়ার খাগান এলাকায় 'ব্যাচেলর প্যারাডাইস' নামের একটি মেসে এই ঘটনার সূত্রপাত হয় এবং পরে তা ব্যাপক সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার শুরু রোববার সন্ধ্যায়। সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে ফেলা থুথু ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর গায়ে লাগে। ঘটনাটি ঘটে ব্যাচেলর প্যারাডাইস নামক মেসের সামনে। এই তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।

পরে রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্রশস্ত্র ও ইট-পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের ওই মেসে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে।

হামলার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বাড়ে। খবর পেয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন। উত্তেজিত শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়টির প্রক্টরিয়াল টিম এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের শান্ত থাকার অনুরোধ জানান।

পরে প্রক্টর ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ড্যাফোডিলের শিক্ষার্থীরা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন। এদিকে, সংঘর্ষের এক পর্যায়ে হামলাকারী হিসেবে অভিযুক্ত সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।