সোমবার, ১২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে শীতার্তদের পাশে দাঁড়ালো ‘রক্তকরবী’

মো: মামুনুর রশিদ

জানুয়ারি ৩, ২০২৬, ১০:০৯ এএম

দিনাজপুরে শীতার্তদের পাশে দাঁড়ালো ‘রক্তকরবী’

ছবি-দিনাজপুর টিভি

হাড়কাঁপানো শীতে দিনাজপুরের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে দিনাজপুরের সুপরিচিত আবৃত্তি সংগঠন ‘রক্তকরবী’। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শহরের বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে সংগঠনের পক্ষ থেকে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সিনিয়র সাংবাদিক ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি একরাম হোসেন তালুকদার।

তিনি বলেন, “সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কেবল শিল্পচর্চাই নয়, বরং এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।”

রক্তকরবী’র সভাপতি সুবর্ণা মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি রাজিউল ইসলাম রাজু এবং মোল্লা শরীফ লজেন্স। এসময় সংগঠনের সহ-সভাপতি মুনিরা শাহনাজ চৌধুরী কেয়া ও সাধারণ সম্পাদক কাদিরা চৌধুরী লাজুসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, হাড়কাঁপানো এই শীতে প্রান্তিক মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। শিল্পের পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও রক্তকরবী এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা প্রত্যয় ব্যক্ত করেন।