মো আরিফ ইসলাম
জানুয়ারি ২৭, ২০২৬, ০৪:০১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বীরগঞ্জে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ৩টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চল টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ আবু রেজা মো. আসাদুজ্জামান।বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, বিষমুক্ত সবজি ও ফল উৎপাদন কৌশল এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে। এছাড়াও মেলায় নিরাপদ ফসল উৎপাদন, নার্সারি, বনজ ও উচ্চমূল্যের ফল প্রদর্শনীসহ কৃষি বিষয়ক বিভিন্ন স্টল অংশ নিয়েছে।
আয়োজকরা জানান, এই মেলার মূল লক্ষ্য হলো স্থানীয় কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার সঙ্গে পরিচিত করা এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করা। আগামী তিন দিন পর্যন্ত এই মেলা দর্শনার্থী ও কৃষকদের জন্য উন্মুক্ত থাকবে।