ফাহিম হোসেন
ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ আসনে নির্বাচনী উত্তাপ চরমে পৌঁছেছে। দীর্ঘ ৩০ বছর পর এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম তথা স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেনকে প্রার্থী করায় রাজনৈতিক সমীকরণ বদলে গেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায় তাঁর ব্যাপক গণসংযোগকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে।
এদিন সকাল থেকে ডা. জাহিদ হোসেন উপজেলার খোদাদপুর, চেংগ্রাম ও ওসমানপুরসহ বিভিন্ন পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ ও পথসভা করেন। ধানের শীষের এই প্রার্থীর উপস্থিতিকে কেন্দ্র করে রাস্তাঘাট ও বাজারে হাজারো মানুষের ভিড় লক্ষ্য করা যায়।
গণসংযোগকালে ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এই আসনের মানুষ তাদের ভোটাধিকার এবং কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। দিনাজপুর-৬ আসনের বঞ্চনার ইতিহাস মুছে ফেলাই আমার প্রধান লক্ষ্য।
আমরা জনগণের মালিকানা জনগণের কাছেই ফিরিয়ে দিতে চাই।তিনি আরও যোগ করেন, এই আসন থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে চূড়ান্ত রূপ দেওয়া হবে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিনাজপুর–৬ আসনে ডা. জাহিদের মতো একজন প্রভাবশালী ও জাতীয় পর্যায়ের নেতাকে মনোনয়ন দেওয়া বিএনপির একটি সুকৌশলী ও আগ্রাসী সিদ্ধান্ত। ঘোড়াঘাট, নবাবগঞ্জ, হাকিমপুর ও বিরামপুর—এই চার উপজেলা নিয়ে গঠিত দেশের অন্যতম বৃহৎ এই সংসদীয় এলাকায় বিএনপি এবার তাদের হারানো দুর্গ পুনরুদ্ধারে মরিয়া।
স্থানীয় ভোটারদের মতে, একজন খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদকে কাছে পেয়ে সাধারণ মানুষের প্রত্যাশা বেড়েছে। বিশেষ করে এলাকার স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে তাঁর বিশেষ পরিকল্পনা ভোটারদের আকৃষ্ট করছে। এদিনের গণসংযোগে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে।