রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে নতুন তরমুজে জমে উঠেছে বাজার

মোঃ আরিফ ইসলাম

মার্চ ১৮, ২০২৬, ০৯:১৭ পিএম

বীরগঞ্জে নতুন তরমুজে জমে উঠেছে বাজার

বীরগঞ্জে তরমুজের বাজার -ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় গ্রীষ্মকালীন মৌসুমি ফল তরমুজ বাজারে উঠতে শুরু করেছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বীরগঞ্জ পৌরশহরের বিভিন্ন ফলের দোকানে এখন তরমুজের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের দুই পাশে এবং তাজমহল মোড় এলাকায় ব্যবসায়ীরা বড় বড় তরমুজের পসরা সাজিয়ে বসেছেন। 

আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষ এবং সাধারণ ক্রেতাদের কাছে এই রসালো ফলের চাহিদা বাড়লেও দাম নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি তরমুজ ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন যে বর্তমানে বাজারে পতেঙ্গা, কুয়াকাটা এবং বরিশালসহ দেশের বিভিন্ন মোকাম থেকে কালো ও বাংলা লিংক জাতের তরমুজ সরবরাহ করা হচ্ছে। মোকামগুলোতে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বিরূপ আবহাওয়ার কারণে বিক্রি নিয়ে তারা কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন। 

স্থানীয় ব্যবসায়ী সুরুজ ও জয়নাল হাজারি জানান যে মৌসুমি ঝড়-বৃষ্টি এবং আবহাওয়ার বারবার পরিবর্তনের কারণে অনেক সময় তরমুজ পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে চড়া দামে কেনা ফল বিক্রি করতে না পেরে অনেক ব্যবসায়ী লোকসানের মুখে পড়ছেন। তবে সাধারণ মানুষ পরিবারের সদস্যদের জন্য এবং বিশেষ করে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার পথে এই ফলটি সাগ্রহে কিনছেন।অন্যদিকে বীরগঞ্জ পৌরশহরের পুরাতন শহীদ মিনার চত্বরের ফল বিক্রেতা মো. হান্নান শাহ জানান যে আবহাওয়া নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও ঈদুল ফিতর কেন্দ্রিক কেনাবেচা বেশ ভালোই হচ্ছে।

 

প্রতিদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত সাধারণ ক্রেতাদের ভিড় থাকছে। অনেকে ধর্মীয় প্রসাদ হিসেবে ব্যবহারের জন্যও তরমুজ সংগ্রহ করছেন। মহাসড়কের পাশে গাড়ি থামিয়ে ঘরমুখো যাত্রীরাও পরিবারের জন্য এক বা একাধিক তরমুজ কিনছেন। আমদানির পরিমাণ বেশি হওয়ায় সামনে তরমুজের দাম আরও কিছুটা কমতে পারে বলে সাধারণ ক্রেতারা আশা করছেন। তবে বাজারের এই অস্থিরতায় ভোক্তা অধিকার রক্ষায় নিয়মিত মনিটরিংয়ের প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।