রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ আরিফ ইসলাম

জুন ১৪, ২০২৬, ০১:০৩ পিএম

বীরগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশজুড়ে সবুজায়ন বৃদ্ধির সুনির্দিষ্ট লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আগামী ৫ বছরে মোট ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বীরগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এই মহতি কর্মসূচির উদ্বোধন ও চারা রোপণ কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়। 

পরিবেশ সুরক্ষার এই বিশাল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ সূচনা করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।টেকসই ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন এই দীর্ঘমেয়াদী উদ্যোগ গ্রহণ করেছে।বীরগঞ্জ চত্বরে আয়োজিত এই বিশেষ সরকারি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দীপংকর বর্মন এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। 

এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম ও বীরগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন প্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এই কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন। কর্মসূচির প্রথম দিনে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন যে বর্তমান সময়ে পরিবেশ সুরক্ষা এবং জলবায়ুর ভারসাম্য ধরে রাখতে পরিকল্পিত বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

একটি চারা গাছ শুধু মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেনই সরবরাহ করে না, বরং মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের সার্বিক পরিবেশ উন্নয়নে এক অভূতপূর্ব অবদান রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। এই জাতীয় লক্ষ্য বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় সাধারণ জনগণকেও স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।