মোজাম্মেল হক
জুন ২৭, ২০২৬, ০৮:২৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মোহনপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন।শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।
অনুস্থানে প্রধান অভিনথির প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা এবং দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম রিজু। তিনি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলামের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশেষ শিশুদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা তরুণ দলের আহ্বায়ক রিমন ইসলামের সুচারু সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বেশ কয়েকজন স্থানীয় রাজনৈতিক নেতা ও সমাজসেবক।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, সদস্যসচিব তানভীর চৌধুরী এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজান সিরাজ শিপন। এছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার ও আবু সাঈদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সামাজিক মূল স্রোতে ফিরিয়ে আনতে এবং তাদের মেধার বিকাশে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান জানান, ২০০৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় সাড়ে চারশো বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজমে আক্রান্ত শিক্ষার্থী অধ্যয়ন করছে। সীমিত সামর্থ্যের মধ্যে শিক্ষকেরা দীর্ঘদিন ধরে স্বেচ্ছাশ্রমে পাঠদান ও পরিচর্যা করে আসলেও বিদ্যালয়টি এখনো সরকারি বড় কোনো সুযোগ-সুবিধা বা এমপিও ভুক্তি পায়নি।