রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬,

দিনাজপুর মেডিকেল কলেজে চিকিৎসাবিজ্ঞানের আধুনিক অগ্রগতি নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিবেদক

জুন ৩০, ২০২৬, ১০:২৮ পিএম

দিনাজপুর মেডিকেল কলেজে চিকিৎসাবিজ্ঞানের আধুনিক অগ্রগতি নিয়ে সেমিনার

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরসহ দেশের উত্তরাঞ্চলের চিকিৎসকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুর মেডিকেল কলেজে ‘পালমোনোলজি আপডেটস’ শীর্ষক একটি যুগোপযোগী বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন মঙ্গলবার দুপুরে মেডিকেল কলেজ অডিটোরিয়ামে শ্বসনতন্ত্রের রোগের আধুনিক চিকিৎসা, রোগ নির্ণয় ও ব্যবস্থাপনা এবং চিকিৎসাবিজ্ঞানের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে এই সেমিনারের আয়োজন করা হয়। দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (চ্যাব) এবং দিনাজপুর মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারটির সায়েন্টিফিক পার্টনার হিসেবে সফল আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে অপসোনিন ফার্মা লিমিটেড।অনুষ্ঠানে দ্য চেস্ট অ্যান্ড হার্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এস. কে. সাদেক আলী এবং হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আতিউর রহমান। বৈজ্ঞানিক অধিবেশনে ‘২০২৬ সালে সিওপিডি: পরিবর্তনশীল ধারণা ও উদীয়মান চিকিৎসা’ এবং ‘অ্যাজমা: সাম্প্রতিক ধারণা ও ব্যবহারিক ক্লিনিকাল পদ্ধতি’ বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সাখাওয়াত হোসেন ও ডা. মো. শফিকুল ইসলাম।

আলোচনায় প্যানেলিস্ট হিসেবে অংশ নেন হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. শাহাব আহমেদ, অধ্যাপক ডা. শাহ মো. সারওয়ার জাহান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. শামীম আহমেদ, অধ্যাপক ডা. আনোয়ারুল আনাম কিবরিয়া এবং অধ্যাপক ডা. এম. দেলোয়ার হোসেন। এ সময় চ্যাবের মহাসচিব ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া চিকিৎসকদের ধারাবাহিক পেশাগত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এনআইডিসিএইচ-এর সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসানের সঞ্চালনায় এই সেমিনারে বিপুলসংখ্যক চিকিৎসক অংশ নেন এবং অনুষ্ঠান শেষে একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়।