শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক জব্দ

মো: মামুনুর রশিদ

অক্টোবর ৩, ২০২৬, ০২:১১ পিএম

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক জব্দ

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল জাতীয় স্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ভান্ডারা বিওপির একটি বিশেষ টহল দল এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যরা বিরল উপজেলার সীমান্ত পিলার ৩২৭ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কানকাটা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় মাদক উদ্ধার করেন। উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া মাদক কারবারিদের দ্রুত শনাক্ত করতে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।