শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬,
আইনশৃঙ্খলা পরিস্থিতি

কোনো অন্যায়কে ছাড় দেবে না সরকার: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন

জাতীয় ডেস্ক

অক্টোবর ৩, ২০২৬, ০২:৫৩ পিএম

কোনো অন্যায়কে ছাড় দেবে না সরকার: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন

আইনশৃঙ্খলা পরিস্থিতির যেখানেই অনিয়ম দেখা যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো অন্যায়কে ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার সকাল ১১টায় টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায় এবং সমাজ থেকে মাদক কীভাবে দূর করা যায়, সে বিষয়ে সরকার সুনির্দিষ্টভাবে কাজ করছে।

তরুণ প্রজন্ম যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে এবং কোনোভাবেই মাদকের সংস্পর্শে না যায়, সেজন্য নানা সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সবাই মিলে সম্মিলিতভাবে পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন। এর আগে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টা চালালে সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল করা সম্ভব, কারণ মাদক সেবন করলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।মাদক আমাদের দেশে উৎপাদিত হয় না উল্লেখ করে তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক ঢুকিয়ে দিয়ে দেশের যুবসমাজকে ধ্বংস করার চেষ্টা চালানো হচ্ছে।

রাজনৈতিক নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাদকের ব্যাপারে দলের ভেতর বা বাইরে কোনো ধরনের তদবির চলবে না। নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। পুলিশ বাহিনীও তাদের সদস্যদের ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেবে, যাতে কেউ মাদক-সম্পর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়াতে না পারে। সামাজিক আন্দোলন হিসেবে এটিকে গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে বিভিন্ন স্তরের প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম মিঞা, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক এবং সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।