রবিবার, ২২ নভেম্বর, ২০২৬,

মাছের উৎপাদন বাড়লেও রফতানিতে পিছিয়ে কেন পর্যালোচনার তাগিদ প্রতিমন্ত্রীর

জাতীয় ডেস্ক

নভেম্বর ২২, ২০২৬, ০২:১৯ পিএম

মাছের উৎপাদন বাড়লেও রফতানিতে পিছিয়ে কেন  পর্যালোচনার তাগিদ প্রতিমন্ত্রীর

মাছের উৎপাদন বেড়ে বছরে প্রায় ৫১ লাখ টনে পৌঁছালেও রফতানিতে পিছিয়ে থাকার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। রোববার রাজধানীর মৎস্য ভবনে ওয়ার্ল্ড ফিশারিজ ডে ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রফতানি বাড়ানোর বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তার মতে, মৎস্য খাতের উৎপাদন ও রফতানি বাড়াতে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ জন্য গবেষক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। একসময় তৈরি পোশাক খাতের পর মৎস্য খাতের রফতানি আয়ও ছিল উল্লেখযোগ্য। এত সম্ভাবনা থাকা সত্ত্বেও এ খাতে প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না কেন, তা পর্যালোচনা করা প্রয়োজন। উৎপাদন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রফতানি সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি মাছের স্বাদ ও গুণগতমান কমে যাওয়ার কারণ অনুসন্ধানের ওপরও জোর দেন তিনি।

মাছের প্রাকৃতিক আবাসস্থল ও বেড়ে ওঠার পরিবেশ সংরক্ষণের তাগিদ দিয়ে প্রতিমন্ত্রী জানান, নদী-খালের নাব্যতা কমে যাওয়া, পানিদূষণ এবং শিল্পকারখানার বর্জ্য জলাশয়ে মিশে যাওয়ায় উৎপাদন ও স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে শিল্পবর্জ্য পরিশোধন নিশ্চিত করার পাশাপাশি নদী-খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণার কথা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে পানির প্রবাহ বাড়ার পাশাপাশি জলজ পরিবেশের উন্নয়ন ঘটবে। বিশেষ করে ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্রের নদী-মোহনায় নাব্যতা ফিরিয়ে আনা জরুরি বলে মন্তব্য করেন তিনি। নদী ও খালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা গেলে মাছের প্রজনন ও উৎপাদন বাড়বে।

এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খননের মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়নে নেওয়া উদ্যোগের অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও বলেন প্রতিমন্ত্রী।

দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে এ খাতের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব, যা উৎপাদন ও রফতানি বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, নৌ-বাহিনী ও কোস্ট গার্ডের প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।