মোঃ মোমিনুল ইসলাম
অক্টোবর ১৮, ২০২৫, ০৭:৪১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
"পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো" এই প্রতিপাদ্য এবং "মনোবল সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত" এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হলো ফুলকুঁড়ি আসর দিনাজপুর শাখার ৫১তম বার্ষিক শিশু সমাবেশ, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক ২০২৫।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক জনাব মুজাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জনাব মো. মারুফাত হুসাইন এবং পাটওয়ারী বিসাদ হাউস প্রাঃ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব শহিদুর রহমান পাটোয়ারী মোহন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসর দিনাজপুর শাখার সভাপতি আলহাজ্ব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, "শিশুদেরকে নৈতিকতা ও আত্মবিশ্বাসের সাথে গড়ে তোলার কোনো বিকল্প নেই। ফুলকুঁড়ি আসর শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এবং তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে যে ভূমিকা রাখছে, তা অত্যন্ত প্রশংসনীয়।"
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর ফুলকুঁড়ি আসরের শিশুশিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমসাময়িক বিষয়ের ওপর একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ হয়।