সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৭:১৬ পিএম
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় মাঠে জেলা পুলিশ বিভাগের উদ্যোগে যুব কাবাডি অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা প্রতিযোগিতা ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
দিনাজপুর জেলা পুলিশ সুপার জেদান আল মুসার আনুষ্ঠানিক সভাপতিত্বে উদ্বোধনী সমাবেশটি পরিচালিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন (বিপিএম-সেবা)।

এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মাওলানা সিরাজুস সালেহীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম, জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোঃ সহিদুর রহমান পাটোয়ারী মোহন এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ন্যাশনাল কাবাডি কোচ ও সাবেক ভিপি হামিদুর রহমানসহ সংশ্লিষ্ট ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ।

উদ্বোধনী আসরে অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের সমাগম ঘটে। মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে দিনাজপুর জেলার মোট ১৩টি উপজেলা থেকে অনূর্ধ্ব-২০ বালক ও বালিকা বিভাগের সর্বমোট ১৯টি দল অংশ নেয়।নতুন প্রজন্মকে ইতিবাচক ধারায় উদ্বুদ্ধ করতেই এমন সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজক সূত্র নিশ্চিত করেছে।

জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, স্থানীয় যুবসমাজকে মাঠমুখী ও ক্রীড়ামুখী করার পাশাপাশি কমিউনিটি পুলিশিং ব্যবস্থার কার্যকর প্রয়োগ ঘটিয়ে সাধারণ মানুষ ও পুলিশ বাহিনীর মধ্যকার পারস্পরিক বিশ্বাস ও সামাজিক সুসম্পর্ক আরও সুদৃঢ় করাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন