মোঃ আব্দুর রাজ্জাক
অক্টোবর ২৯, ২০২৫, ০৫:৫০ পিএম
নানা আয়োজনে দিনাজপুরে এই প্রথমবার আন্তর্জাতিক কেয়ারারস দিবস-২০২৫ (প্রতিবন্ধী ব্যক্তির পরিচর্যাকারীদের আন্তর্জাতিক দিবস) পালিত হয়েছে।বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর আয়োজনে এবং কেয়ারারস ওয়ার্ল্ডওয়াইড ও ভিটল ফাউন্ডেশনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন ও নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। র্যালির পূর্বে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরে দিনাজপুর শিশু একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, "প্রতিবন্ধী ও অসুস্থ মানুষের পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ কাজ। কারণ এটি তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে। সমাজে তাদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করে এবং তাদের প্রতি মানবিক ও নৈতিক দায়িত্ব পালন করে।"
তিনি আরও বলেন, "মানুষের সেবা করার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় এবং সমাজেও বিশেষ মর্যাদা পাওয়া যায়। এটি একটি মহৎ কাজ, যা ব্যক্তিকে উন্নত চরিত্রের অধিকারী করে এবং আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করে।"আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল ওয়াহেদ ও শহর সমাজসেবা অফিসার মো. মঈনুল ইসলাম।
সিডিডি’র অ্যাসোসিয়েট শেখ মো. আব্দুল লতিফের স্বাগত বক্তব্যের পর অনুষ্ঠানে কেয়ারারস সম্পর্কে বিস্তারিত ধারণা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন প্রজেক্ট ম্যানেজার মুকুল কিসকু।
সিডিডি’র সাইকো-সোশ্যাল কাউন্সিলর ববিতা আক্তার নদী ও মো. রোকনুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান লুকাস সরেন, ফাজিলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজিজার রহমান, পল্লী শ্রী’র প্রজেক্ট কো-অর্ডিনেটর রওনক আরা নিপা, উদ্যোগের নির্বাহী পরিচালক উম্মে নাহার, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার এবং কেয়ারারদের পক্ষ থেকে সীমা, আম্মাজান, আফসুন বেগম, নুরবানু, ইয়াম্মিন, বাবু প্রমুখ।আয়োজকরা জানান, এবারই প্রথম দিনাজপুর জেলায় আন্তর্জাতিক কেয়ারারস দিবস পালন করা হলো।