রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরামপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হরিহরপুর

কুদ্দুস আলী খান

সেপ্টেম্বর ৮, ২০২৬, ১১:৫২ পিএম

বিরামপুরে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হরিহরপুর

দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ প্রতিপাদ্যকে ধারণ করে কাটলা ক্রীড়া একাডেমি অ্যান্ড ব্লাড ডোনেশন গ্রুপ এই ক্রীড়া আসরের আয়োজন করে। মঙ্গলবার বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন।

শিরোপা নির্ধারণী এই চূড়ান্ত ম্যাচে মুখোমুখি হয় হরিহরপুর দল ও কাটলা ক্রীড়া একাডেমি।

নির্ধারিত সময়ের খেলায় দুই দলের মধ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণ হলেও কোনো পক্ষই গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হলে ফলাফল নির্ধারণে ম্যাচ পরিচালনাকারী রেফারি টাইব্রেকারের সিদ্ধান্ত দেন। উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে কাটলা ক্রীড়া একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হরিহরপুর দল। খেলা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল এবং কাটলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজির হোসেন উপস্থিত ছিলেন। আয়োজক সংগঠনের সভাপতি মাহাবুর রহমান ও সাধারণ সম্পাদক সামসুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন। তৃণমূলের তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে এবং নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।