সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৯:১০ পিএম
দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় দশ কেজি ওজনের একটি কাঁচা গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিচালিত এসব অভিযানে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। মাদক নির্মূলে তৎপরতা জোরদার করেছে পুলিশ।
বিরামপুর থানা সূত্রে জানা গেছে, পুলিশ সদস্যদের একটি দল রাত্রিকালীন টহল ও আদালতের গ্রেফতারি পরোয়ানা তামিল করার সময় ৪ নম্বর দিওড় ইউনিয়নের ধানঘরা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় ধানঘরা পশ্চিমপাড়া গ্রামের মৃত সকিনুরের ছেলে মো. মোরছালিন (২৬) ও ধানঘরা দক্ষিণপাড়া গ্রামের মো. মোক্তার হোসেনের ছেলে মো. ময়নুল ইসলাম (২৫)-এর কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
অন্যদিকে নবাবগঞ্জ থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দাউদপুর ইউনিয়নের হালুয়াঘাট গ্রামে অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হালুয়াঘাট এলাকার বাসিন্দা মো. রাজু মিয়ার (২৫) বসতবাড়ির ছাদে তল্লাশি চালানো হয়। সেখানে লোকচক্ষুর আড়ালে টবে চাষ করা অবস্থায় আনুমানিক দশ কেজি ওজনের একটি কাঁচা গাঁজার গাছ উদ্ধার করা হয় এবং রাজু মিয়াকে গ্রেফতার করা হয়।
উদ্ধার করা সব মাদকদ্রব্য আইনি প্রক্রিয়ায় জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ধৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় স্ব স্ব থানায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে জেলার সব উপজেলায় এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন