রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিরামপুরে যুবদল নেতার সংবাদ সম্মেলন

কুদ্দুস আলী খান

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৩:১০ পিএম

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে বিরামপুরে যুবদল নেতার সংবাদ সম্মেলন

ছবি: দিনাজপুর টিভি

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে চরিত্রহননের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিরামপুর পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী। মঙ্গলবার দুপুরে বিরামপুরের একটি স্থানীয় হোটেলে উপস্থিত সংবাদকর্মীদের সামনে তিনি এই অভিযোগ তুলে ধরেন।  সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।  

পলাশ বিন আশরাফী জানান, আসন্ন বিরামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তার দাবি, এই রাজনৈতিক অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল সামাজিক মাধ্যমে বিভিন্ন বেনামী ও ভুয়া প্রোফাইল খুলে তার বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিচ্ছে। 

তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা, তার ব্যক্তিগত সুনাম নষ্ট করা এবং রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।  এই সাইবার অপতৎপরতার প্রতিকার চেয়ে ইতিমধ্যে তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।  

ঘটনার বিস্তারিত উল্লেখ করে তিনি বিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই সাথে তিনি জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে মিথ্যা তথ্য ছড়ানো ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে সুনির্দিষ্ট মামলাসহ কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন তিনি।