বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

কমলো জ্বালানি তেলের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৩, ২০২৬, ০৬:৪৪ পিএম

কমলো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে তেলের দরপতন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে সম্ভাব্য কোনো সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়ার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশের বেশি কমেছে। সোমবার আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

এর আগে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি বন্ধের হুমকি এবং জাহাজে হামলার ঘটনার পর তেলের বাজার অস্থির হয়ে উঠেছিল এবং ব্যারেল প্রতি দাম ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। ট্রাম্পের এই নতুন ঘোষণায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে জিএমটি সকাল ১১টা ৮ মিনিট নাগাদ ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলে প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলে ১৩ ডলার বা প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। 

ট্রাম্পের এই আকস্মিক ঘোষণা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের দুশ্চিন্তা সাময়িকভাবে লাঘব করেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালালে বৈশ্বিক সরবরাহ চেইন বড় ধরনের ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা ছিল যা এখন আপাতত কাটল।ইরানের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউসের এই পদক্ষেপ জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হয়েছে। 

ট্রাম্পের এমন কৌশলী বার্তার ফলে বিশ্ব অর্থনীতির বড় একটি ঝুঁকি এড়ানো সম্ভব হলো বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। এর আগে হরমুজ প্রণালিতে উত্তেজনার জেরে সরবরাহ ব্যবস্থা কার্যত অচল হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে তেলের বাজার দীর্ঘমেয়াদে কতটা স্থির থাকবে তা নির্ভর করছে মধ্যপ্রাচ্যের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির ওপর। বর্তমানে আন্তর্জাতিক তেলের বাজার ট্রাম্পের এই সিদ্ধান্তের ইতিবাচক প্রভাবে নিম্নমুখী অবস্থানে রয়েছে।