এপ্রিল ৩০, ২০২৬, ১১:১৯ এএম
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে দুই লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৯ এপ্রিল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে দুই হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছিল।
এ নিয়ে চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে ৫৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম ৩২ দফা বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ২৭ দফা। এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং কমানো হয়েছিল ২৯ বার।স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে পাঁচ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি পাঁচ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা তিন হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩৬ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৯ দফা বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে বাকি ১৭ দফা। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন