সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৫:৫৬ পিএম
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ব্যাপক বেড়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০৬ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মাঝে এই নতুন সামরিক আঘাত বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও অস্থির করে তুলেছে।
এক ধাক্কায় অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে তিন শতাংশের বেশি বাড়ে। হুথিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু শহরের তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা মাঝপথেই হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।
এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে সৌদি সরকার কিংবা তেল কোম্পানি আরামকো এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। বিশ্বজুড়ে তেলের মোট চাহিদার প্রায় ১০ শতাংশ জোগান দেয় একা আরামকো। হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই লেনদেনের একপর্যায়ে প্রতি ব্যারেল তেলের দাম ১০৮ ডলারে উঠে যায়। পরবর্তীতে তা সামান্য কমে ১০৫ থেকে ১০৬ ডলারের ঘরে এসে অবস্থান নেয়।
বাজার বিশ্লেষকরা স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের এই সংঘাত দ্রুত বন্ধ না হলে আন্তর্জাতিক বাজারে তেলের চড়া দাম কমার কোনো সম্ভাবনা নেই। যুদ্ধের কারণে চাহিদার বিপরীতে বাজারে তেলের ঘাটতি ক্রমেই বাড়ছে। এমন সংকটময় পরিস্থিতিতে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক আলোচনার কিছু উদ্যোগ নেওয়া হলেও জ্বালানি তেলের বৈশ্বিক বাজার নিয়ে তৈরি হওয়া অস্থিরতা কাটছে না।
তথ্যসূত্র: আল-জাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন