মে ৩, ২০২৬, ০৪:৫৪ পিএম
ভোক্তাপর্যায়ে মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার (৩ মে) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দর ঘোষণা করে। আজ সন্ধ্যা ৬টা থেকেই এই নতুন দাম কার্যকর হবে।
বিইআরসি জানায়, মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত এপ্রিল মাসে দুই দফায় এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। গত ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়।
পরবর্তীতে ১৯ এপ্রিল তা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল, যা মে মাসেও বহাল থাকছে।এদিকে, মে মাসের জন্য অটোগ্যাসের দাম সামান্য বৃদ্ধি করা হয়েছে। ভোক্তাপর্যায়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটারে ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।
এর আগে গত ১৯ এপ্রিল অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।উল্লেখ্য, সৌদি আরামকো কোম্পানির সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।
আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল প্রোপেন ও বিউটেনের দামের ওপর ভিত্তি করে এই মূল্য নির্ধারণ করা হয়। সন্ধ্যা থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন দরের ফলে রান্নার গ্যাসের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি না হলেও অটোগ্যাস চালিত যানবাহনের খরচ যৎসামান্য বাড়তে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন