মে ১১, ২০২৬, ০৯:৩৫ পিএম
যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক পরিস্থিতির টানাপোড়েন এবং আসন্ন মার্কিন মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশের আগেই আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সোমবার (১১ মে) রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭৩০ দশমিক ৪৯ ডলারে পৌঁছেছে।
একই সময়ে মার্কিন স্বর্ণ ফিউচারসও ০ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৭৪০ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, দাম কিছুটা কমার পর বিনিয়োগকারীরা নতুন করে স্বর্ণ কেনার প্রবণতা দেখাচ্ছেন, যা এই মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রে কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) এবং বুধবার প্রডিউসার প্রাইস ইনডেক্স (পিপিআই) প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এই মুদ্রাস্ফীতির চাপের কারণে ২০২৬ সালে সুদের হার কমানোর যে পূর্বাভাস ছিল, তা নিয়ে এখন নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উচ্চ সুদের হার সাধারণত স্বর্ণের মতো সম্পদের ওপর চাপ সৃষ্টি করলেও বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে চিত্রটি ভিন্ন।
এদিকে ভূ-রাজনৈতিক উত্তেজনাও বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালির পরিস্থিতি বিশ্ববাণিজ্য ও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে বলে বিনিয়োগকারীরা সতর্ক নজর রাখছেন। এর ফলে জ্বালানি তেলের পাশাপাশি নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদাও বেড়েছে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। বিশ্ববাজারে রূপার দাম ৫ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৪ দশমিক ৯৯ ডলারে পৌঁছেছে। এ ছাড়া প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ২ দশমিক ৬ শতাংশ ও ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন