রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাজুসের নতুন সিদ্ধান্ত কত টাকায় নামলো স্বর্ণের বাজারদর?

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৮, ২০২৬, ১০:৩১ এএম

বাজুসের নতুন সিদ্ধান্ত কত টাকায় নামলো স্বর্ণের বাজারদর?

স্বর্ণের নতুন দাম।

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের বাজারদর নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। ভরিতে এবার ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।

আজ সোমবার থেকে সারাদেশে এই নতুন দাম কার্যকর হয়েছে।এর আগে গত শনিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে মূল্য হ্রাসের এই ঘোষণা দেয় বাজুস। সেদিন সকাল ১০টা থেকেই এই দাম কার্যকর করা হলেও আজ নতুন সপ্তাহের প্রথম কর্মদিবসে এই মূল্যে বাজারে বেচাকেনা চলছে। 

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই স্বর্ণের বাজারদর অনুযায়ী প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এখন থেকে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বিক্রি হবে। এর আগে গত ১৫ মে সর্বশেষ দাম সমন্বয় করে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। চলতি বছরে দেশের বাজারে এ পর্যন্ত মোট ৬৫ বার স্বর্ণের বাজারদর সমন্বয় করা হলো, যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে। অন্যদিকে বিগত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি পায় এবং ২৯ বার কমে যায়।