জুন ২৪, ২০২৬, ০৮:৪৭ এএম
টানা দুই দফা কমার পর দেশের বাজারে মূল্যবান ধাতু স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। ভরিপ্রতি সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার দেশের বাজারে আগের নির্ধারিত এই দামেই কেনাবেচা চলছে।স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকায় বিক্রি হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম বহাল থাকবে। তবে গহনার ডিজাইন অনুযায়ী গ্রাহকদের অতিরিক্ত মজুরি পরিশোধ করতে হবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় জুয়েলারিগুলো ক্রেতাদের কাছ থেকে আলাদা কোনো ভ্যাট আদায় করতে পারবে না।
অন্যদিকে রুপার বাজারেও আগের নির্ধারিত দাম বহাল রয়েছে। দেশের বাজারে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ২০৮ টাকায় বেচাকেনা হচ্ছে। রুপার অলঙ্কারের ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জুয়েলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন