জুলাই ১৫, ২০২৬, ০৪:১৪ পিএম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। মঙ্গলবার দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পেলেও বুধবার তা নিম্নমুখী। তবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি অব্যাহত থাকায় মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাবে বিনিয়োগকারীদের মধ্যে সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ কিছুটা কমেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৪ হাজার ২৫ ডলার ১২ সেন্টে নেমে এসেছে। একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম ১ শতাংশ কমে ৪ হাজার ৩০ ডলার ৪০ সেন্টে দাঁড়িয়েছে।এর আগে মঙ্গলবার সোনার দাম এক পর্যায়ে প্রতি আউন্স ৪ হাজার ১০০ ডলার ৪৯ সেন্ট পর্যন্ত উঠেছিল।বাজারে অস্থিরতার প্রধান কারণ জ্বালানি তেলের দাম। বুধবার টানা তৃতীয় দিনের মতো তেলের দাম বেড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সমুদ্রবন্দর ঘিরে নৌ-অবরোধ পুনর্বহাল করেছেন এবং আলোচনায় না ফিরলে বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দিয়েছেন। এই ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে।বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ে, যা সাধারণত স্বর্ণের বাজারের ওপর সরাসরি প্রভাব ফেলে। বর্তমানে বিনিয়োগকারীরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
তথ্যসূত্র: রয়টার্স

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন