অক্টোবর ৩, ২০২৫, ০৫:০৭ পিএম
ঝিনাইদহের বাজারগুলোতে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েক দিনের ব্যবধানে হঠাৎ করে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষ রীতিমতো দিশেহারা হয়ে পড়েছেন। জীবনযাত্রার অন্যান্য খরচ সামলাতে গিয়ে মরিচের এমন দাম বৃদ্ধিতে তাঁদের আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে শহরের নতুন হাটখোলা ও ওয়াপদা বাজার ঘুরে এই চিত্র দেখা যায়। এসব বাজারে ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা দরে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।পাইকারি বাজারে দাম বৃদ্ধি: নতুন হাটখোলা বাজারের সবজি ব্যবসায়ী আশরাফুল আলম জানান, গত কয়েকদিন আগেও কাঁচা মরিচ প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি হয়েছে। তবে হঠাৎ পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তাঁদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
ভারত থেকে সরবরাহ বন্ধ: ওয়াপদা বাজারের সবজি ব্যবসায়ী সিদ্দিকুর বলেন, পূজার ছুটির জন্য ভারতথেকে কাঁচা মরিচের সরবরাহ বন্ধ রয়েছে। এই কারণে বাজারে মরিচের আমদানি কমে যাওয়ায় দাম বেড়ে গেছে।
কাঁচা মরিচের এমন লাগামহীন দাম বৃদ্ধিতে ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এই বিষয়ে জেলা প্রশাসনের পদক্ষেপ কী, তা জানতে চাইলে জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, "আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কাঁচা মরিচের দাম বৃদ্ধির বিষয়ে বাজার তদারকি করা হবে।"বিশেষজ্ঞরা মনে করেন, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাঁচা মরিচের দাম সহসা কমার সম্ভাবনা কম।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন