রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেয়ার পরিকল্পনা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২, ২০২৬, ০৪:২৭ পিএম

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে নেয়ার পরিকল্পনা

বদলাচ্ছে পরীক্ষার সময়সূচি

সরকার দেশের অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। নতুন এই পরিকল্পনা অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষা প্রতি বছর ডিসেম্বরে নেওয়ার কথা ভাবা হচ্ছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই পরিকল্পনার কথা জানান।শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে শেষ করে দ্রুততম সময়ে ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। 

তাঁর মতে, ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ করা গেলে সিলেবাস, কারিকুলাম এবং ক্লাস টেস্ট—সবই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে। এর ফলে শিক্ষার্থীরা জানুয়ারিতেই উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার সুযোগ পাবে এবং কোনো সেশন জট ছাড়াই দুই বছরের মধ্যে তাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন এই ভাবনায় অ্যাকাডেমিক ক্যালেন্ডারের শেষ মাস ডিসেম্বরকে পরীক্ষার জন্য নির্দিষ্ট রাখা হবে। এ সময় শিক্ষা বোর্ডগুলোকে পরীক্ষা নিতে হবে এবং দ্রুত ফল প্রকাশ করতে হবে। মন্ত্রী উল্লেখ করেন, ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা কোনো সময় অপচয় না করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।

এই পরিবর্তনের ফলে বয়সের একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি হবে বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি পাস করবে। এতে সেশন জটমুক্ত হয়ে সঠিক সময়ে তারা উচ্চশিক্ষায় পদার্পণ করতে পারবে।নতুন কারিকুলাম কার্যকর হওয়ার সময় নিয়ে এক প্রশ্নের জবাবে এহছানুল হক মিলন বলেন, কারিকুলাম নিয়ে বর্তমানে কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সাল থেকেই এটি কার্যকর করা সম্ভব হতে পারে। 

তবে ২০২৬ না ২০২৭—সেই সালটির চেয়ে বর্তমানে সঠিক পরিকল্পনা করাকেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার।শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো অ্যাকাডেমিক বছর ডিসেম্বরের মধ্যেই শেষ করা। এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা সংশ্লিষ্ট সব স্তরে প্রয়োজনীয় সমন্বয় ও প্রস্তুতির কাজ শুরু করা হয়েছে বলেও তাঁর বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে।