জুলাই ৪, ২০২৬, ০৩:২০ পিএম
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের জন্য শেড ও বসার চেয়ার স্থাপনের পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতে রোভার স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসি সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করে।
পরীক্ষার্থীদের অভিভাবকদের সার্বিক সুবিধার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা পরিদর্শনকালে লক্ষ্য করা গেছে, অভিভাবকরা তাদের সন্তানদের জন্য কেন্দ্রের বাইরে দীর্ঘ সময় অবস্থান করেন। কিন্তু অধিকাংশ কেন্দ্রেই তাদের জন্য নির্ধারিত কোনো অপেক্ষমাণ শেড বা বসার স্থান নেই। ফলে রোদ, বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ার মধ্যে তাদের অত্যন্ত কষ্টকর পরিবেশে অপেক্ষা করতে হয়।
এ ছাড়া কেন্দ্রের বাইরে অভিভাবকদের চলাচল সুশৃঙ্খলভাবে নিয়ন্ত্রণ করার মতো রোভার স্কাউট, গার্লস গাইড বা বিএনসিসি সদস্য না থাকায় অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বোর্ডের নতুন নির্দেশনায় প্রতিটি কেন্দ্রে অভিভাবকদের জন্য নিরাপদ স্থানে শেডসহ বসার চেয়ার স্থাপন করতে বলা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের বাইরের শৃঙ্খলা ও জনসমাগম নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক স্কাউট ও বিএনসিসি সদস্য নিয়োজিত করতে প্রতিটি কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে।এই পদক্ষেপটি অভিভাবকদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে সহায়ক হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন