রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষকদের মুখে কালো কাপড় বেঁধে মিছিল আজ, বিভিন্ন দলের একাত্মতা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০৯:৩১ এএম

শিক্ষকদের মুখে কালো কাপড় বেঁধে মিছিল আজ, বিভিন্ন দলের একাত্মতা

ছবি - সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা আন্দোলন দশম দিনে গড়িয়েছে। সরকারের দেওয়া ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাখ্যান করে গতকাল (সোমবার) থেকে তারা ‘আমরণ অনশন’ কর্মসূচি শুরু করেছেন। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় আন্দোলনরত শিক্ষকরা মুখে কালো কাপড় বেঁধে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে ‘মৌন মিছিল’ করার কর্মসূচি পালন করছেন।একইসঙ্গে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাত্মক কর্মবিরতিও অব্যাহত রয়েছে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, “আজ থেকে আমাদের কর্মসূচি আমরণ অনশনে রূপ নিয়েছে। ইতোমধ্যে আমাদের চারজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। এই অনশনের মাধ্যমে কোনো প্রাণহানি ঘটলে, এর দায় শিক্ষা উপদেষ্টা সি. আর. আবরারকে নিতে হবে।”

তিনি আরও হুঁশিয়ারি দেন, “আমরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করব। এরপরও যদি আমাদের ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে সারাদেশ থেকে শিক্ষকদের ঢাকায় এনে আমরা ‘যমুনা’ (প্রধান উপদেষ্টার বাসভবন) ঘেরাও করব।”

শিক্ষকদের এই আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন সংহতি প্রকাশ করেছে। গতকাল সোমবার (২০ অক্টোবর) বিএনপির একটি প্রতিনিধিদল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণঅধিকার পরিষদের নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের অনশনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান শিক্ষকদের পাশে থাকার অঙ্গীকার করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শিক্ষকদের উদ্দেশে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ‘শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ’ বাস্তবায়ন করা হবে। এর আগে, গত রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শিক্ষকদের দাবির সঙ্গে নীতিগতভাবে একমত পোষণ করে বিবৃতি দিয়েছিলেন।