সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১১:৪৮ এএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নীতিমালায় যোগ্য প্রার্থী বাছাইয়ে নতুন করে ডেমো ক্লাস বা ব্যবহারিক পাঠদান পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম সিন্ডিকেট সভায় নীতিমালায় এই পরিবর্তনসহ আবেদনের বেশ কিছু শর্ত পুনর্নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনকারীদের শ্রেণিকক্ষে পাঠদানের সক্ষমতা সরাসরি ডেমো ক্লাসের মাধ্যমে যাচাই করা হবে। তবে আগের নিয়মের মতো স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫ এবং সংশ্লিষ্ট বিভাগের মেধা তালিকায় প্রথম থেকে সপ্তম স্থানের মধ্যে থাকার প্রাথমিক শর্ত বহাল থাকছে।
এর পাশাপাশি মেধার স্বীকৃতিতে একটি বিশেষ ছাড় যুক্ত হয়েছে। কোনো প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষার যেকোনো একটিতে প্রথম স্থান অধিকার করলে, অন্য পরীক্ষায় প্রথম থেকে সপ্তম স্থানের মধ্যে না থাকলেও আবেদন করতে পারবেন। তবে উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩ দশমিক ৫ থাকার শর্ত অপরিবর্তিত থাকবে। এ ছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগে মেধানুক্রমের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর কোনো বিভাগে সিজিপিএ ৩ দশমিক ৫ প্রাপ্ত প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট বিভাগের পরিকল্পনা কমিটির সুপারিশ ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে যোগ্যতার শর্ত শিথিল করে নতুন বিজ্ঞপ্তি দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলেও নতুন ন্যূনতম মানদণ্ড বেঁধে দেওয়া হয়েছে। বিজ্ঞান বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে দুই পরীক্ষা মিলিয়ে মোট জিপিএ ন্যূনতম ৯ এবং মানবিক ও বাণিজ্য বিভাগের ক্ষেত্রে ন্যূনতম ৮ দশমিক ৫ থাকতে হবে, যেখানে যেকোনো একটিতে কমপক্ষে জিপিএ ৪ থাকা বাধ্যতামূলক। এ ছাড়া থিসিস গ্রুপের গবেষক প্রার্থীরা অতিরিক্ত অগ্রাধিকার পাবেন। ২০১৫ সালে প্রণীত নীতিমালায় সিজিপিএ ৩ দশমিক ৫ ও প্রথম থেকে সপ্তম স্থান বাধ্যতামূলক ছিল, যা ২০১৭ সালে উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের আমলে শিথিল করে সিজিপিএ ৩ করা হলে দীর্ঘ বিতর্ক সৃষ্টি হয়।
উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম জানান, প্রশাসন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনৈতিক চাপ বা সুপারিশ বরদাশত করবে না। মেধা, প্রকাশনা, ডিগ্রি এবং বিশেষ করে শ্রেণিকক্ষে উপস্থাপনের দক্ষতাকে প্রাধান্য দিতেই ডেমো ক্লাস অন্তর্ভুক্ত করে নিয়োগকে শতভাগ নিরপেক্ষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন