বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রাকসু জিএস আম্মারের ওপর হামলা, ৫শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৮, ২০২৬, ০৪:০৫ পিএম

রাকসু জিএস আম্মারের ওপর হামলা, ৫শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের ওপর হামলার অভিযোগে পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। মামলায় জোরপূর্বক দাপ্তরিক কক্ষে প্রবেশ, মারধর, হত্যার উদ্দেশ্যে আঘাত ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। রাকসুর নেতাদের সঙ্গে পরামর্শক্রমে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মতিহার আমলি আদালতে এই মামলা করা হয়।

আদালতে দায়েরকৃত এজাহারে অভিযুক্ত হিসেবে বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা হলেন—ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আনাস, সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. মাহমুদ হাসান মাহিন ও মামুন মিয়া, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাহফুজুল ইসলাম নয়ন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আজহারুল ইসলাম।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৭ জুলাই দুপুরে রাকসু ভবনের দ্বিতীয় তলায় জিএসের ২০২ নম্বর অফিস কক্ষে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সে সময় সালাহউদ্দিন আম্মার নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করছিলেন। অভিযোগ করা হয়েছে, অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রসহ দলবদ্ধ হয়ে জোরপূর্বক কক্ষে প্রবেশ করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মারধর শুরু করে। হামলায় বাধা দিতে গেলে রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব এবং মেহেদী নামের অপর এক ব্যক্তি গুরুতর আহত হন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, হামলা চলাকালে লোহার রডের আঘাতে নাজমুস সাকিবের ডান হাত রক্তাক্ত হয় এবং কার্যালয়ের চেয়ার-টেবিলসহ প্রায় এক লাখ টাকার আসবাবপত্র ভাঙচুর করা হয়। রাকসুর এজিএস সালমান সাব্বির জানিয়েছেন, আদালত মামলাটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন এবং বিষয়টি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই-এর তদন্তাধীন রয়েছে। পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আদালত পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।

দণ্ডবিধির ৩২৩, ৩২৬, ৩০৭ ও ৪২৭ ধারাসহ সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় দায়েরকৃত এই মামলার নম্বর ১৫১ সি/২৬ (মতিহার)। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদের দায়িত্বশীলদের ওপর এমন হামলার ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে।