রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিয়ে নিয়ে যা বললেন পারসা ইভানা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ১০:৩৬ পিএম

বিয়ে নিয়ে যা বললেন পারসা ইভানা

দেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ পারসা ইভানার আজ জন্মদিন। অভিনয়ে প্রতিবারই নিজেকে নতুনভাবে উপস্থাপন করে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী জন্মদিনের উচ্ছ্বাসের মাঝেই এক চমকপ্রদ তথ্য দিলেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পরিবার ও বন্ধুদের মাঝে জন্মদিন পালন করার ফাঁকেই তিনি খোলাসা করলেন নিজের প্রেম ও বিয়ে নিয়ে ব্যক্তিগত ভাবনার কথা।

বিশেষ এই দিনটি নিয়ে পারসা ইভানা বলেন, তার বাবা-মা বিদেশে বসবাস করেন এবং দেশে তিনি ভাই ও খালামনির সঙ্গে থাকেন। জন্মদিনে তার বন্ধুদের বাসায় আগমন ঘটছে এবং ভাইয়ের সঙ্গে তার একইদিনে জন্মদিন হওয়ায় সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছেন।

তিনি জানান, সাধারণত তিনি কখনোই জন্মদিনের বড় পার্টি করেন না। আর আজ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে বাইরে ডিনার করতে যাওয়ার পরিকল্পনাও বাতিল করেছেন। এমনকি জন্মদিনের জন্য বানানো নতুন পোশাকটিও টেইলার নষ্ট করে দেওয়ায় তার মন কিছুটা খারাপ।

উল্লেখ্য, দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্কে ছিলেন পারসা ইভানা। কিন্তু সেই সম্পর্ক পরিণয়ে রূপ নেয়নি। প্রেম এবং বিয়ে নিয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি জানিয়ে দেন, আপাতত প্রেম-ট্রেমে তিনি নেই। বরং তার সিদ্ধান্ত এখন ভিন্ন। পারসা ইভানা বলেন, “আমি আসলে সরাসরি বিয়েটাই করব, যদি ভালো ছেলে পাই। আর যদি না পাই, তাহলে বিয়েও করব না।” তিনি মনে করেন, জীবনসঙ্গী তো ভালো হতে হবে, অনেস্ট হতে হবে; তাছাড়া বিয়ে করে কোনো লাভ নেই।

পারসা ইভানার এই মন্তব্য বিনোদন জগতে আলোচনার জন্ম দিয়েছে। তিনি ২০১৫ সালে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন এবং নির্মাতা কাজল আরেফিন রুমির পরিচালনায় নির্মিত জনপ্রিয় ড্রামা সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ এ 'ইভা' চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। ভক্তরা দ্রুত তার ব্যক্তিগত জীবনে সুখ ও সাফল্য কামনা করেছেন।