নভেম্বর ২২, ২০২৫, ০৮:১৮ পিএম
দেশীয় মঞ্চনাটকে একক অভিনয়ের ক্ষেত্রে এতদিন ধরে কেবল নারী শিল্পীকেই দেখা গেলেও, এবার সেই রীতি ভেঙেছে নাট্যগোষ্ঠী বিবেকানন্দ থিয়েটার। মঞ্চে আনা হয়েছে নাট্যশিল্পী মো. এরশাদ হাসান-এর একক অভিনয়ে নতুন নাটক 'ভাসানে উজান', যা দলের ২৫তম প্রযোজনা।
নাটকের উদ্বোধনী প্রদর্শনীতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের একক অভিনয়ের পথিকৃৎ, বহুমাত্রিক অভিনেত্রী ফেরদৌসী মজুমদার।
রুশ সাহিত্যিক দস্তয়ভস্কির বিখ্যাত ছোটগল্প 'দ্য জেন্টেল স্পিরিট' অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু, নির্দেশনা দিয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়, এবং একক অভিনয় করেছেন অভিজ্ঞ নাট্যশিল্পী মো. এরশাদ হাসান।
'ভাসানে উজান' নাটকের কেন্দ্রীয় চরিত্র আশরাফ বোয়ারী অতীতে একটি নাট্যদলের প্রধান ছিলেন, কিন্তু বর্তমানে তিনি চা বাগানের একজন বন্ধকের কারবারি। অসংখ্য কাস্টমারের ভিড়ে তার কাছে আসে সাবরিনা—যে তার কণ্ঠকময় জীবন, নেশাখোর ও নারী লোলুপ জব্বর খন্দকারের হাত থেকে মুক্তি এবং একটু সচ্ছল জীবনের আশায় সুরক্ষা চায় আশরাফ বোয়ারীর কাছে। আশরাফ বোয়ারী নানান সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সাবরিনাকে সুরক্ষা দিতে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে সামাজিক স্বীকৃতি নিয়ে তাকে বিয়ে করেন।
কিন্তু খরা কেটে বানের ডাক আসার মতো সাবরিনা উত্তলা হয়ে উঠলে আশরাফ-সাবরিনা দম্পতির মাঝে ভুল বোঝাবুঝি হয়। অতীত ভুলে যাওয়ার মোহ, অহমিকার ক্রোধ আর আত্মগ্লানির অনুশোচনায় একসময় আত্মহত্যা করে বসেন সাবরিনা। ঘরের মেঝেতে পড়ে থাকা মৃত স্ত্রী সাবরিনার পাশে বসে বিপন্ন, নি:স্ব, অসহায় স্বামী আশরাফ বোয়ারী গভীর রাতে আপন মনে কথায় কথায় হিসাব-বেহিসাবীর কথার নকশা বুনন করে চলেন। তিনি শেষ পর্যন্ত উত্তর মেলাতে পারেন না যে, একজন মানুষ সত্যিকারে ভালো হয়ে শেষ পর্যন্ত কি ভালো থাকতে পারে? এই অমীমাংসিত উত্তর খোঁজার মধ্যে দিয়ে শেষ হয় হৃদয়ে রক্তক্ষরণের নাটক 'ভাসানে উজান'।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন