রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সড়ক দুর্ঘটনার কবলে দক্ষিণী তারকা বিজয় দেবারাকোন্ডা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৫, ১০:২৭ এএম

সড়ক দুর্ঘটনার কবলে দক্ষিণী তারকা বিজয় দেবারাকোন্ডা

ছবি - সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবারাকোন্ডা। সোমবার পরিবারের সদস্যদের নিয়ে পুট্টাপার্থী থেকে ফেরার পথে জোগুলাম্বা গাদওয়াল জেলার উন্ডাবলির কাছে তার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। একটি জিপ গাড়ির সঙ্গে বিজয়ের গাড়ির ধাক্কা লাগে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজয় দেবারাকোন্ডার ক্ষতিগ্রস্ত গাড়ির ভিডিও ছড়িয়ে পড়লে তার অনুরাগীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। তবে স্বস্তির খবর হলো, এই দুর্ঘটনায় অভিনেতা বা তার পরিবারের কোনো সদস্য আহত হননি।

দুর্ঘটনার পর বিজয় দেবারাকোন্ডা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে তার সুস্থতার খবর নিশ্চিত করেন। এক পোস্টে তিনি লেখেন, “সব ঠিক আছে। গাড়ির ক্ষতি হয়েছে, তবে আমরা সবাই সুস্থ আছি। বাড়িতে ফিরেছি। মাথা ব্যথা করছে, তবে বিরিয়ানি খেয়ে ঘুম দিলেই সব ঠিক হয়ে যাবে। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা।” তার এই বার্তায় স্বস্তি ফিরে পান ভক্তরা।

উল্লেখ্য, সম্প্রতি ‘জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে গোপনে আংটিবদল সেরেছেন বিজয় দেবারাকোন্ডা। সেই খবরের রেশ কাটতে না কাটতেই তার দুর্ঘটনার খবরে বিনোদন জগতে চাঞ্চল্যের সৃষ্টি হয়।