রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হানিয়া আমির কেন এত জনপ্রিয়? জানুন তার সেরা নাটকগুলো

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৯, ২০২৫, ০৪:৪৭ পিএম

হানিয়া আমির কেন এত জনপ্রিয়? জানুন তার সেরা নাটকগুলো

ছবি - সংগৃহীত

চোখের চাহনি, প্রাণবন্ত হাসি আর স্বতঃস্ফূর্ত অভিনয়—এই তিনে মিলেই যেন গড়ে উঠেছে হানিয়া আমির নামের এক বিশেষ আকর্ষণ। খুব অল্প সময়েই তিনি হয়ে উঠেছেন পাকিস্তানি টেলিভিশনের সবচেয়ে প্রিয় মুখগুলোর একটি। হানিয়ার অভিনয়ে আছে তারুণ্যের উচ্ছ্বাস, বাস্তবতার ছোঁয়া আর আবেগের গভীরতা। পর্দায় তিনি কখনো মিষ্টি এক কলেজছাত্রী, কখনোবা বেদনার ভেতর লুকিয়ে থাকা এক সাহসী নারী।

তার প্রতিটি চরিত্র যেন জীবনের গল্প বলে, তাই দর্শকও তাকে সহজে আপন করে নেয়। এই যাত্রায় কিছু নাটকই হয়ে উঠেছে হানিয়ার ক্যারিয়ারের মোড় ঘোরানো অধ্যায়।প্রকৃতপক্ষে, ‘মেরে হমসফর’ নাটকটিই হানিয়া আমিরকে আন্তর্জাতিক পরিচিতি এনে দিয়েছে। এই রোমান্টিক-ড্রামা ঘরানার নাটকে তিনি ‘হালা’ চরিত্রে অভিনয় করেন, যাকে ছোটবেলা থেকেই পরিবারে অবহেলা করা হয়।

জীবনের প্রতিটি মুহূর্তে অবজ্ঞা আর কষ্ট সয়ে বড় হওয়া হালা শেষমেশ খুঁজে পায় সত্যিকারের ভালোবাসা। হানিয়ার অভিনয়ে হালার দুর্বলতা, তার ভেতরের লড়াই আর মানসিক শক্তির বহিঃপ্রকাশ দর্শককে গভীরভাবে ছুঁয়ে যায়।তবে শুধু রোমান্টিক চরিত্রেই নয়, ‘সাঙ এ মাহ’-এর মতো সামাজিক ইস্যুভিত্তিক নাটকেও তিনি অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন। এই নাটকে উপজাতীয় সংস্কৃতির নানা দিকের মাঝে এক ভুক্তভোগী নারীর ভূমিকায় তার যন্ত্রণা ও প্রতিবাদী মানসিকতার অভিনয় নাটকটিকে অন্য উচ্চতায় নিয়ে গেছে।

তার ক্যারিয়ারের আরেকটি তুমুল জনপ্রিয় নাটক হলো ‘ইশকিয়া’। এই নাটকে হানিয়া ‘রুমি’ চরিত্রে অভিনয় করেছেন, যে পরিবার, প্রেম আর বিশ্বাসঘাতকতার এক জটিল টানাপোড়েনে পড়ে যায়। প্রেম, ঈর্ষা আর প্রতিশোধের এই গল্পটি টিআরপি তালিকার শীর্ষে ছিল।একইভাবে, ‘ভিসাল’ নাটকে তিনি ‘পারি’ চরিত্রে অভিনয় করেন, যে সরল-সাদামাটা স্বভাবের হলেও ভাগ্যের খেলায় এক জটিল সম্পর্কে জড়িয়ে পড়ে। রোমান্স ও পারিবারিক দ্বন্দ্বের এই নাটকটিও দারুণ জনপ্রিয়তা পায়।

হানিয়া আমিরের জনপ্রিয়তা শুধু তার সৌন্দর্যে নয়, বরং প্রতিটি চরিত্রে প্রাণ ঢেলে দেওয়ার অবিশ্বাস্য ক্ষমতায়। কখনো ভালোবাসায় ভরা সহজ-সরল মেয়ে, কখনো বঞ্চিত নারী, আবার কখনো প্রতিবাদী কণ্ঠস্বর—তিনি সব ভূমিকাতেই নিজেকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করেছেন। তার এই নাটকগুলোই প্রমাণ করে, হানিয়া আমির শুধু এক উদীয়মান নায়িকা নন, বরং পাকিস্তানি বিনোদন জগতের একজন শক্তিশালী অভিনেত্রী।