অক্টোবর ১৯, ২০২৫, ০৮:৩৮ পিএম
বলিউড অভিনেত্রী পরীণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার সংসারে এলো নতুন অতিথি। শনিবার (১৮ অক্টোবর) রাতে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরীণীতি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।
রোববার (১৯ অক্টোবর) সকালে পরীণীতি ও রাঘব দুজনেই তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক যৌথ পোস্টের মাধ্যমে এই সুখবরটি জানান। খবরটি প্রকাশের পরপরই বলিউড ও রাজনৈতিক অঙ্গনের তারকা এবং ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন এই নবদম্পতি।
সন্তান জন্মের সময় ঘনিয়ে আসায় পরীণীতি সম্প্রতি তার মুম্বাইয়ের বাড়ি ছেড়ে স্বামী ও পরিবারের সঙ্গে থাকার জন্য দিল্লিতে চলে যান। সেখানেই সন্তানের জন্ম দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে এক রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজনীতিবিদ রাঘব চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ‘ইশকজাদে’ খ্যাত এই অভিনেত্রী। চলতি বছরের আগস্ট মাসে তারা তাদের প্রথম সন্তান আগমনের সুসংবাদটি দিয়েছিলেন। বিয়ের পর থেকেই পরীণীতি অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়ে সংসারে মনোযোগী হয়েছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন