নভেম্বর ৪, ২০২৫, ১১:৪৬ এএম
নদীমাতৃক বাংলাদেশের প্রান্তিক চরের মানুষের জীবনযাপন ও সংগ্রাম নিয়ে নির্মিত সিনেমা ‘নয়া মানুষ’ এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিতব্য 'কাশ্মীর ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যাল'-এর পঞ্চম আসরে সিনেমাটি প্রদর্শিত হবে।এই মর্যাদাপূর্ণ ফেস্টিভ্যালে ‘নয়া মানুষ’ মিশর, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইরান এবং স্বাগতিক ভারতের চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করছে।
আ. মা. ম. হাসানুজ্জমানের ‘বেদনার বালুচরে’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন প্রখ্যাত নাট্যকার মাসুম রেজা। সিনেমাটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমি হামিদ, আশিস খন্দকার, ঝুনা চৌধুরী, শিখা কর্মকার, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, মাহিন রহমান, নাজমুল হোসেন, স্মরণ সাহা, সানজানা মেহরান এবং শিশু শিল্পী ঊষশী।
সিনেমাটির পরিচালক সোহেল রানা বয়াতি এই অর্জনে আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র 'নয়া মানুষ' বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে, এটা খুবই আনন্দের বিষয়। এই উৎসবে এটি বাংলাদেশের একমাত্র সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করছে। আমি বিশ্বাস করি, আমাদের চলচ্চিত্র ধীরে ধীরে মানুষের অন্তরে জায়গা করে নেবে।’উল্লেখ্য, ‘নয়া মানুষ’ চলচ্চিত্রটি ২০২৪ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন